রুয়েটে প্রযুক্তি ও কুলিং সিস্টেমে ন্যানোফ্লুইডের ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘প্রযুক্তিতে ন্যানোপার্টিকেল-এনহ্যান্সড ফ্লুইডস : অ্যাডভান্সড কুলিং ও এনার্জি অ্যাপ্লিকেশন’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মেকানিক্যাল বিভাগ ও আইকিউএসি’র আয়োজনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রুয়েটের সেমিনার রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপাচার্যের অনুপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন পর্তুগালের ইউনিভার্সিটি অব লিসবনের ইনস্টিটিউটো সুপিরিয়র টেকনিকোর (আইএসটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস এম সোহেল মুর্শেদ। সেমিনারে অধ্যাপক সোহেল মুর্শেদ তার বক্তব্যে কীভাবে সাধারণ তরলে ন্যানোপার্টিকেল যুক্ত করে প্রস্তুত করা ‘ন্যানোফ্লুইডস’ ও ‘আয়নোন্যানোকোলয়েডস’ আধুনিক থার্মাল ও এনার্জি সিস্টেমে বৈপ্লবিক পরিবর্তন আনছে তা তুলে ধরেন। তিনি কুলিং টেকনোলজি ও থার্মাল ম্যানেজমেন্টে এসব বিশেষ ফ্লুইডের বর্তমান অগ্রগতি, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের গবেষণার দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অধ্যাপক ড. এস এম সোহেল মুর্শেদ থার্মোফ্লুইডস ও এনার্জি কনভার্সন টেকনোলজি ক্ষেত্রে একজন বিশ্বখ্যাত গবেষক। তিনি সিঙ্গাপুরের নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) থেকে ২০০৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কর্তৃক প্রকাশিত বিশ্বের ‘শীর্ষ ২% গবেষক’-এর তালিকায় টানা স্থান পেয়ে আসছেন। এছাড়া তিনি ২০২২ সালে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অবদানের জন্য ‘ইউনিভার্সিটি অব লিসবন সায়েন্টিফিক অ্যাওয়ার্ড’ লাভ করেন।

বর্তমানে আন্তর্জাতিক বিভিন্ন খ্যাতনামা জার্নালের প্রধান সম্পাদক ও মূল্যায়নকারী হিসেবে দায়িত্ব পালনকারী এই গবেষকের আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্সে ২৮০টিরও বেশি গবেষণাপত্র, ১৭টি বই এবং ৩৭টি বুক-চ্যাপ্টার প্রকাশিত হয়েছে। গুগল স্কলারে তার গবেষণা সাইটেশন সংখ্যা বর্তমানে প্রায় ১৩ হাজার ৭০০-এর বেশি।

সেমিনারে রুয়েটের মেকানিক্যাল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *