চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ডুবে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মরা পাগলা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার চর চাকলা গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

নিহতরা হলো চর চাকলা গ্রামের মো. মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের দুই মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে গ্রামের অধিকাংশ মানুষ জুমার নামাজ আদায় করতে মসজিদে ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অজান্তেই পাঁচ শিশু মরা পাগলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ বলেন, শুক্রবার হওয়ায় গ্রামের অধিকাংশ মানুষ জুমার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। এ সময় শিশুরা কখন নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চর চাকলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি স্থানীয়ভাবে মরা নদী নামে পরিচিত। এটি পদ্মা নদীর একটি শাখা নদী। বর্ষা মৌসুম ও বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি পানিতে ভরে যায়। বছরের অন্য সময় নদীতে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশ ও আশপাশের জমিতে ফসল চাষ করা হয়।

সম্প্রতি ভারী বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে নদীটি পানিতে ভরে যায়। শুক্রবার দুপুরে ওই পাঁচ শিশু নদীতে গোসল করতে নেমে দুর্ঘটনার শিকার হয়।

পরে শিশুদের খোঁজ করতে গিয়ে তাদের নদীতে ডুবে যাওয়ার বিষয়টি জানতে পারেন স্বজনরা। খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন।

একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় চর চাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *