রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রথম পর্বের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে ইনস্টিটিউটের খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে নিজ নিজ কর্মক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করছেন। দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অনেক দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী তৈরি করেছে। নতুন যারা এ প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, তাদেরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। কোনোভাবেই পড়াশোনার প্রতি অবহেলা করা যাবে না।

ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, ছাত্রজীবনে সবার আগে ভালো ছাত্র হতে হবে। পড়াশোনার পাশাপাশি অন্যান্য কর্মকাণ্ডে যুক্ত হলেও শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে। ক্যাম্পাসে সবাইকে মিলেমিশে থাকতে হবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন দাবির বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নতুন বাস চালু, আবাসন সংকট নিরসনে নতুন ছাত্রাবাস নির্মাণ এবং অডিটোরিয়াম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসে থেকে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের দুশ্চিন্তাও কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ এবং রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।

অনুষ্ঠানে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রথম পর্বের উভয় শিফটের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *