মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে জখম করল মাদকাসক্ত ছেলে

রাজশাহীর মোহনপুরে জান্নাতুন (৫৫) নামে এক নারীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে আমিনুল ইসলাম (৩২)-এর বিরুদ্ধে। এ সময় মাকে রক্ষা করতে এগিয়ে গেলে বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ রয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছী ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন ওই গ্রামের মুজিব সরদারের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম মাদক সেবন করতেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ। এ নিয়ে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে তার ঝামেলা হতো। তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার গভীর রাতে আমিনুল হাসুয়া দিয়ে তার মা জান্নাতুনকে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

এ সময় মাকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তার বাবা মুজিব সরদারকেও হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার পর আমিনুল ইসলামকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার জানান, মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *