রাজশাহীর পবায় ইয়াবা সেবনের দায়ে দুই তরুণের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলায় ইয়াবা সেবনের দায়ে দুই তরুণকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার বিকাল ৫টার দিকে এয়ারপোর্ট থানার মহানন্দখালী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন গোদাগাড়ী উপজেলার ঋষিকুল এলাকার ইনসানের ছেলে হৃদয় (২১) ও একই এলাকার সেলিমের ছেলে ইমন (২১)।

ইউএনও মো. ইবনুল আবেদীন জানান, এয়ারপোর্ট থানার পুলিশ ইয়াবা সেবনের সময় ওই দুই তরুণকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছয়টি করে মোট ১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তারা অপরাধ স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।

ইউএনও বলেন, উদ্ধার করা ১২টি ইয়াবার মধ্যে দুটি তারা সেবন করেছিলেন। অবশিষ্ট ১০টির মধ্যে একটি মামলার আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে। বাকি নয়টি ইয়াবা উপস্থিত সবার সামনে হাতুড়ি দিয়ে গুঁড়া করে পানিতে মিশিয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধে পবা উপজেলায় নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এয়ারপোর্ট থানার এসআই মো. মহিউদ্দিন এবং পুলিশ সদস্য শামীম রেজা ও নয়ন কুমার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *