বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচি ঘোষণা

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে মহানগর বিএনপি। আগামী ১ সেপ্টেম্বর দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার বিকেলে রাজশাহীর ভুবনমোহন পার্কে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। সভা সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ মহানগর বিএনপির নেতারা। এছাড়া বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন বিকেল ৪টায় বাটার মোড় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।

র‌্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণি চত্বর ও জিরোপয়েন্ট হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হবে।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময় ও স্থানে মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হবে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মহানগর বিএনপির নেতাকর্মী, থানা ও ওয়ার্ড বিএনপির সব পর্যায়ের নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *