রাজশাহীত প্রতিনিধি: ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন জনসচেতনতা সৃষ্টি, মশা নিয়ন্ত্রণে ফগার স্প্রে, মশার উৎপত্তিস্থলে লার্ভা ধ্বংস এবং বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। এ ক্ষেত্রে নগরবাসীকেও সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মাহফুজুর রহমান রিটন আরও বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজানোর চেষ্টা অব্যাহত রয়েছে। আরও পরিচ্ছন্ন, সুন্দর ও ডেঙ্গুমুক্ত নগরী গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় রাজশাহী সিটি করপোরেশনের ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় বিষয়ে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন কমিটির সদস্যসচিব ও রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।
সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, কমিটির সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান মুক্ত, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ডা. রোজী আরা খাতুন, রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের সাধারণ সম্পাদক ডা. মো. শামীম হোসেন চৌধুরী, এনজিও প্রতিনিধি খাজা তারেক, বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধি ডা. মো. শাকিল আহমেদ এবং রাসিকের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।







