রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স সেন্টার স্থাপনের সিদ্ধান্ত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকহা) থেকে রোগী পরিবহনে শৃঙ্খলা ফেরাতে অ্যাম্বুলেন্স সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), রাজশাহী সিটি করপোরেশন এবং বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত বৃহস্পতিবার রামেকহা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপপরিচালক ডা. হাসানুল হাছিব।

সভায় রামেকহাতে চলাচলকারী বেসরকারি অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ির ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো, রোগীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং জরুরি বিভাগের সামনে যানজট নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রস্তাবিত অ্যাম্বুলেন্স সেন্টারের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ ও আরএমপির তত্ত্বাবধানে নিবন্ধিত বেসরকারি অ্যাম্বুলেন্স ও চালকদের তালিকা করা হবে। তালিকাভুক্ত অ্যাম্বুলেন্স সিরিয়াল অনুযায়ী এবং রোগীর গন্তব্যের দূরত্ব বিবেচনায় নির্ধারিত ও যৌক্তিক ভাড়ায় সেবা দেবে। এতে রোগী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ কমার পাশাপাশি জরুরি বিভাগের সামনে যানজটও নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

সভায় অতিবৃষ্টিতে জরুরি বিভাগ ও বহির্বিভাগের সামনের সড়কে জলাবদ্ধতা নিরসন, ট্রলি ব্যবস্থাপনা এবং রোগীদের দুর্ভোগ কমাতে তাৎক্ষণিক করণীয় নিয়েও আলোচনা হয়।

সভায় আরএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. গোলাম রাব্বানী শেখ, রাজপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদসহ হাসপাতাল, সিটি করপোরেশন, পুলিশ ও বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক-চালকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম বলেন, রোগীর স্বার্থই সংশ্লিষ্ট সব পক্ষের কার্যক্রমের কেন্দ্রবিন্দু হওয়া উচিত। গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *