রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বেলপুকুর থানার আলোচিত আব্দুল করিম হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. আতাবুর রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৫, সদর কোম্পানি।
শুক্রবার র্যাব-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে তাকে কোথা থেকে ও কখন গ্রেপ্তার করা হয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত ১১ আগস্ট সকালে স্বরূপনগর পুকুরপাড়ের বিলে ধান রোপণকে কেন্দ্র করে বিরোধের জেরে একই দিন বিকালে রাজশাহীর বেলপুকুর থানার ভড়য়াপাড়া গ্রামে হামলার ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, ওই দিন বিকাল প্রায় ২টা ৫০ মিনিটে কয়েকজন ব্যক্তি হাসুয়া, রামদা, চাইনিজ কুড়াল, ধারালো ছোরা ও বাঁশের লাঠি নিয়ে দলবদ্ধ হয়ে বাড়ির সামনে এসে হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে রফিক ও তার ভাই আব্দুল করিম গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকাল ৪টা ২০ মিনিটে আব্দুল করিমের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই মো. কালাম বাদী হয়ে ১২ আগস্ট রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলায় মো. জিললুর রহমান, মো. মাহাতাব আলী, মো. শাহাবুর, মো. আতাবুর রহমান, মো. মারুফ ও মো. আব্দুল্লাহকে এজাহারভুক্ত আসামি করা হয়। মামলাটি বেলপুকুর থানার মামলা নম্বর-০৫ হিসেবে দায়ের করা হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আতাবুর রহমান গ্রেপ্তার এড়াতে পলাতক থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেলপুকুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।







