রাজশাহী প্রতিনিধি: নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পালনের লক্ষ্যে রাজশাহীতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রেনিং স্কুলের আয়োজনে পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, নির্বাচনকালীন সময়ে পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। কোনো দল, গোষ্ঠী বা প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব করা যাবে না। একই সঙ্গে কোনো ধরনের সুবিধা গ্রহণ থেকেও বিরত থাকতে হবে। পদমর্যাদা নির্বিশেষে প্রত্যেক পুলিশ সদস্য আইনের অধীন। জনগণের জীবন ও সম্পত্তি রক্ষা করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি স্থানীয় সরকার নির্বাচন, পুলিশের আইনি দায়িত্ব, প্রযুক্তিনির্ভর নজরদারি, শৃঙ্খলা, মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধ, নৈতিকতা এবং দায়িত্ব পালনে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি ও স্মার্টফোনের মাধ্যমে পুলিশের কার্যক্রম নজরদারির আওতায় থাকায় দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন পুলিশ কমিশনার। পাশাপাশি রাত্রিকালীন পাহারা ও মোবাইল ডিউটিতে কোনো ধরনের অবহেলা না করে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর দিক তুলে ধরে তিনি বলেন, পুলিশ বাহিনীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর রয়েছে। ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সচেতনতার প্রতিও গুরুত্ব দিতে হবে।
পুলিশ কমিশনার আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থাকা এবং সততা ও সঠিক নিয়ত নিয়ে দায়িত্ব পালন করাই প্রকৃত নৈতিকতা। প্রচার বা লোকদেখানোর জন্য নয়, জনগণের সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। আইন, শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনসেবার আদর্শ ধারণ করে নির্বাচনী দায়িত্বসহ প্রতিটি দায়িত্ব নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদসহ আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।







