রাজশাহী প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মালিকানাধীন জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের কাছে স্মারকলিপি দিয়েছেন রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনে গিয়ে শিক্ষার্থীরা রাসিক প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেন।
এ সময় রাসিক প্রশাসক শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, রুয়েটের সীমানাপ্রাচীর ভেঙে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন জমির একটি অংশে পাবলিক টয়লেটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসব স্থাপনা বিশ্ববিদ্যালয়ের জমি ব্যবহার করে নির্মাণ করায় ক্যাম্পাসের নিরাপত্তা, পরিবেশ ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীরা আরও বলেন, ওই এলাকার পাশেই পুরকৌশল অনুষদের ১০ তলা একাডেমিক ভবনের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। ভবনটি দ্রুত শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করার প্রস্তুতি চলছে। এ অবস্থায় অবৈধ স্থাপনা ও দখলের বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানান তারা।
এর আগে শনিবার রুয়েটের প্রায় ৬০০ শিক্ষার্থী ক্লাস, ল্যাব ও পরীক্ষা বর্জন করে অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা রুয়েটের মালিকানাধীন জমিতে নির্মিত পাবলিক টয়লেট এবং সীমানাপ্রাচীর ঘেঁষে চলাচলের ফুটপাতে নির্মিত সব অননুমোদিত ও অবৈধ স্থাপনা দ্রুত অপসারণের দাবি জানান।
এ ছাড়া তালাইমারী মোড়ে রুয়েটের সীমানাপ্রাচীর ভেঙে বিশ্ববিদ্যালয়ের যে জমি দখল বা ব্যবহার করা হয়েছে, তা আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
স্মারকলিপি প্রদানকালে রুয়েটের শিক্ষার্থী কাজী পারভেজ আহম্মেদ, মুবতাসিম সৌমিক, শাহান আল রিয়াজ, সুমাইয়া নওশীন, শামসুন নাহার সুমনা, ফাহাদ সরকার তুহিন, তন্ময় কর্মকার তনি, শাকিব উজ্জামান সিয়াম, পারভেজ আকন্দ প্রভাতসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।







