জীবিকার কাজে বাধা, নিরাপত্তা চেয়ে রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরের রেলওয়ের ভাঙারি পট্টি এলাকায় দীর্ঘদিন ধরে রিকশা-ভ্যান মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করে আসা এক শ্রমজীবী ব্যক্তিকে কাজে বাধা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, নিরাপত্তা নিশ্চিত এবং পুনরায় জীবিকা নির্বাহের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন ২১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রিপন শেখ।

শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিপন শেখ এসব অভিযোগ করেন।

রিপন শেখ বলেন, ২০০২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত রাজশাহী রেলওয়ের ভাঙারি পট্টি এলাকার একটি খোলা জায়গায় রিকশা-ভ্যান মেরামতের কাজ করে তিনি জীবিকা নির্বাহ করতেন। ২০১৯ সালে রাজশাহী সিটি করপোরেশন সেখানে ডাস্টবিন নির্মাণ করলে তাঁকে ওই স্থান থেকে সরিয়ে দেওয়া হয়।

তাঁর দাবি, ডাস্টবিন নির্মাণের পর সেখানে কিছু জায়গা খালি থাকায় তিনি পুনরায় রিকশা-ভ্যান মেরামতের কাজ শুরু করতে গেলে কয়েকজন তাঁকে বাধা দেন। এ সময় ১৯ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা হিসেবে পরিচিত রবিউল, রফিকুল ও জাহাঙ্গীরের বিরুদ্ধে তাঁকে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি।

রিপন শেখের অভিযোগ, গত ৭ সেপ্টেম্বর তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে রিপন শেখ বলেন, “আমি একজন ক্ষুদ্র শ্রমজীবী মানুষ। আমার পরিবারের জীবিকা এই কাজের ওপর নির্ভরশীল। তাই দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে আমাকে নিরাপদে জীবিকা নির্বাহের সুযোগ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সদস্য আজিজুল ইসলাম ফিরোজ বলেন, রিপন শেখের বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করায় তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।

আজিজুল ইসলাম ফিরোজ বলেন, “আমি কেবল বিষয়টি মানবিকভাবে দেখেছি। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হোক। মিথ্যা প্রচারণা চালানো না হোক।”

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত বলেন, রিপন শেখ ২১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রিপন হামলা ও মামলার শিকার হয়েছেন। রেলওয়ের জায়গায় রিকশা-ভ্যান মেরামত করে তিনি জীবিকা নির্বাহ করেন।

সৈকত আরও বলেন, “রিপন শেখকে হুমকি দেওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।”

সংবাদ সম্মেলন থেকে ভূমিমন্ত্রী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *