ক্রীড়া প্রতিমন্ত্রী ব্রাজিলের ম্যাচে সরকারি অর্থ ব্যয়ের পক্ষে নয় সরকার

খেলাধুলা ডেস্ক: ঢাকায় ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হলেও এ আয়োজনের ব্যয়ভার সরকার বহন করবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে বেসরকারি স্পনসরদের মাধ্যমে আয়োজনটি সম্ভব হলে সরকার সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ঢাকায় বক্সিং ফেডারেশনের আয়োজনে কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

আগামী অক্টোবরে ঢাকায় বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সম্ভাব্য এই সফর নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে ব্রাজিলের প্রতিনিধিদের প্রাথমিক আলোচনা হয়েছে। তবে ম্যাচ আয়োজনের জন্য বড় অঙ্কের অর্থ প্রয়োজন হওয়ায় বাফুফে সরকারের সহযোগিতা চাওয়ার ইঙ্গিত দিয়েছে।

এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে আমিনুল হক বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একটি ফুটবল ম্যাচ আয়োজনের জন্য সরকার বড় অঙ্কের অর্থ ব্যয় করতে আগ্রহী নয়। বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সরকারের ব্যয়ের চাপ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে বাফুফে যদি বিভিন্ন প্রতিষ্ঠানকে স্পনসর হিসেবে যুক্ত করে আয়োজনের ব্যয় মেটাতে পারে, তাহলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে জানান তিনি।

ব্রাজিলের সম্ভাব্য ঢাকা সফর এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, বাফুফের সভাপতির সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে সফরের আনুষঙ্গিক বিষয়, ব্যয়ভার এবং অন্যান্য শর্ত নিয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি।

বাংলাদেশের ফুটবলে ব্রাজিলের মতো বিশ্বসেরা দলের বিপক্ষে ম্যাচের প্রভাব নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন আমিনুল হক। তিনি বলেন, ব্রাজিল ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে খেললে এটি দেশের ফুটবলের জন্য নিঃসন্দেহে বড় অর্জন হবে। এতে দর্শকদের প্রত্যাশা পূরণ হবে এবং তারা উপভোগ করার সুযোগ পাবেন।

তবে শুধু ব্রাজিলের সঙ্গে একটি ম্যাচ খেললেই বাংলাদেশের ফুটবলে বড় ধরনের পরিবর্তন আসবে—এমনটা মনে করেন না তিনি। দেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য আরও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন বলেও ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী।

সবশেষে তিনি আবারও বলেন, ব্রাজিলের বাংলাদেশ সফরের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। দলটি আদৌ ঢাকায় আসবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা নিশ্চিত বার্তা পাওয়া যায়নি।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *